প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ , ০৮:২৬ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপের ফাইনালে রোববার স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুধু আরেকটি বিশ্বকাপ জয়ের লড়াই নয়, বরং বিশ্বফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায় লেখার সুযোগও বটে। শিরোপা ধরে রাখতে পারলে ৬৪ বছরের পুরোনো এক রেকর্ডের পুনরাবৃত্তি করবে লিওনেল মেসির দল।
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি নিয়ে ফাইনালে উঠেছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে গেছে তারা। এখন তাদের সামনে ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল টানা দুইবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। প্রথম দল ইতালি, যারা ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বকাপ জিতেছিল। এরপর ১৯৫৮ সালে সুইডেন এবং ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই ব্রাজিলের পর গত ৬৪ বছরে আর কোনো দল বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি।
এই সময়ে বেশ কয়েকটি দল সেই কীর্তির খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ জয়ের পর ১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের।
ব্রাজিলও দ্বিতীয়বার টানা বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছিল। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে উঠলেও স্বাগতিকদের কাছে হেরে যায় সেলেসাওরা।
সবশেষে একই সুযোগ এসেছিল ফ্রান্সের সামনে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নিয়েছিল তারা। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে পেনাল্টি শুটআউটে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায় কিলিয়ান এমবাপ্পেদের।
অবশ্য বিশ্বকাপের ইতিহাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য পরের আসর সব সময় সুখকর হয়নি। ১৯৩৮ সালের চ্যাম্পিয়ন ইতালি ১৯৫০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। একইভাবে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে প্রথম পর্বের গণ্ডিই পেরোতে পারেনি।
এবার সেই ব্যতিক্রমী ইতিহাস বদলে দেওয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে। স্পেনকে হারাতে পারলে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে তারা। একই সঙ্গে ৬৪ বছরের অপেক্ষারও অবসান ঘটবে বিশ্বফুটবলে।