প্রকাশিত: ০৫ সেপ্টেম্বার ২০২৬ , ০৯:২২ এ এম
অনলাইন সংস্করণ
লা লিগায় মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও দে লা কার্তুজায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিয়ুস-এমবাপ্পেদের। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস এবং সেটি ঘিরে তৈরি হওয়া বিতর্ক।
ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল রিয়াল। পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নেন এমবাপ্পে। কিন্তু তাঁর নেওয়া শট ঠেকিয়ে দেন বেতিসের গোলরক্ষক আলভারো ভালেস। এরপর ফিরতি বল দ্রুত ক্লিয়ার করে দেন মার্ক বার্ত্রা। ফলে শেষ মুহূর্তে ম্যাচে ফেরার সুযোগও হাতছাড়া হয় রিয়ালের।
এরপরই শুরু হয় বিতর্ক। পেনাল্টি নেওয়ার সময় বার্ত্রা পেনাল্টি এলাকার ভেতরে ঢুকে পড়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন রিয়াল সমর্থকেরা। তাদের দাবি ছিল, বার্ত্রার এই অবস্থান নিয়মবহির্ভূত হলে পেনাল্টিটি পুনরায় নেওয়ার সুযোগ পাওয়া উচিত ছিল। বিশেষ করে ভালেসের সেভের পর বার্ত্রার হস্তক্ষেপে এমবাপ্পে ফিরতি শট নিতে পারেননি বলেও অভিযোগ ওঠে।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন ব্যাখ্যা। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তারা জানিয়েছে, বার্ত্রা পেনাল্টি নেওয়ার মুহূর্তে লাফিয়ে ছিলেন এবং তাঁর পা তখনও মাটিতে পড়েনি। অর্থাৎ তিনি বক্সের ভেতরের এলাকায় অবস্থান করলেও শট নেওয়ার সময় তাঁর পা মাটিতে স্পর্শ করেনি।
নিয়ম অনুযায়ী, পেনাল্টি নেওয়ার মুহূর্তে খেলোয়াড়ের পা মাটিতে থাকা অবস্থায় নির্দিষ্ট সীমা অতিক্রম করেছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। বার্ত্রার ক্ষেত্রে সেই মুহূর্তে তাঁর পা শূন্যে থাকায় কেবল তাঁর শরীরের অবস্থানকে এনক্রোচমেন্ট হিসেবে গণ্য করা হয়নি।
অবশ্য শট নেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ভালেসের সেভ করা বলের দিকে এগিয়ে গিয়ে বার্ত্রা সেটি কর্নারের জন্য ক্লিয়ার করেন। ফলে এমবাপ্পের দ্বিতীয়বার শট নেওয়ার সুযোগও তৈরি হয়নি।
প্রথম দেখায় বার্ত্রার অবস্থান নিয়ে সন্দেহ তৈরি হলেও ভিডিও বিশ্লেষণে উঠে আসা এই সূক্ষ্ম বিষয়টিই শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তকে সমর্থন করছে। তাই পেনাল্টি পুনরায় না দেওয়ার সিদ্ধান্তটি নিয়ম অনুযায়ী সঠিক বলেই মনে করছে মুন্দো দেপোর্তিভো।