-
🇧🇩
বাংলা মূল ভাষা (Original)
-
🇺🇸
English English
বিআইডব্লিউটিসিতে নিয়োগ জালিয়াতির মহাউৎসব: প্রশ্নফাঁসের অকাট্য প্রমাণের পরও ধরাছোঁয়ার বাইরে ‘ফজলে রাব্বি’ সিন্ডিকেট!
গত ১৫ মে বিআইডব্লিউটিসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে নৌপরিবহন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে এবং শেষ পর্যন্ত পরীক্ষাটি বাতিল ঘোষণা করে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো-প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
অভিযোগের যথাযথ নিষ্পত্তি ও দায়ীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা ছাড়াই অপরাধীদের আড়াল করে একই ফজলে রাব্বির অধীনে আগামী ২৮ নভেম্বর পুনরায় পরীক্ষা আয়োজনের পাঁয়তারা চলছে।
সবচেয়ে বিস্ময়কর ও আশঙ্কাজনক বিষয় হলো-তদন্তের নামে যে কমিটি গঠন করা হয়েছে, তা নিজেই স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের দায়ে দুষ্ট! অভিযোগ রয়েছে, নিয়োগ কমিটির বিতর্কিত সদস্য সচিব ও প্রশ্ন ফাঁসে অভিযুক্ত ফজলে রাব্বি (সিপিএম) নিজের প্রভাব খাটিয়ে এই তদন্ত কমিটি সাজিয়েছেন।
তদন্ত কমিটিতে থাকা মোঃ জাকির হোসেন (১৮০৬৫), সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১, নৌপরিবহন মন্ত্রণালয়), যিনি ফজলে রাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুনিয়র। অন্যদিকে, কমিটিতে থাকা বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক জেসমিন আরা বেগম ফজলে রাব্বির একই এলাকার বাসিন্দা। নিজের ঘনিষ্ঠ জুনিয়র ও এলাকার মানুষকে দিয়ে তদন্ত কমিটি করিয়ে ফজলে রাব্বি বিপুল অর্থের বিনিময়ে নিজেকে নির্দোষ প্রমাণের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
নিয়োগ জালিয়াতির এই মহাউৎসবে যেখানে থলে থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, সেখানে তদন্তের নামে এই প্রহসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছেন অভিযোগকারীরা।
যুগান্তরে প্রকাশিত সংবাদ অনুযায়ী, প্রশ্নপত্রের ছবি তোলার সময় হিসেবে সকাল ১০টা ৫০ মিনিট ৪৯ সেকেন্ডের একটি নির্দিষ্ট তথ্য সামনে এসেছে। অভিযোগ রয়েছে, ওই সময়ে প্রশ্নপত্রের দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমেই ছবিটি তোলা হয়েছিল।
প্রশ্ন উঠে, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কি ওই সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছিল? করে থাকলে সেই ফুটেজে কী পাওয়া গেছে? আর না করে থাকলে, এত গুরুত্বপূর্ণ আলামত উপেক্ষা করে কীভাবে তদন্ত সম্পন্ন হলো?
নিয়োগ কমিটির সদস্যসচিব ফজলে রাব্বি (সিপিএম)-এর বিরুদ্ধেও প্রশ্ন ফাঁসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে ১০টা ৫০ মিনিট ৪৯ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ, প্রশ্নপত্রের হেফাজত ও দায়িত্ব বণ্টনের তথ্য প্রকাশ করা জরুরি মনে করছেন অভিযোগকারীরা।
এছাড়াও তাঁর নিয়োগের পেছনে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সুপারিশ এবং তাঁর এলাকার বাসিন্দা হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এসব তথ্যের চেয়েও গুরুত্বপূর্ণ হলো-প্রশ্ন ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা।
প্রশ্ন হলো-প্রশ্ন ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, একই ব্যবস্থাপনার অধীনে আবারও পরীক্ষা আয়োজনের যৌক্তিকতা কোথায়?
অভিযোগকারীরা বলছেন, পরীক্ষা বাতিল করলেই কি সব দায় শেষ হয়ে যায়? চাকরিপ্রত্যাশীদের মেধা, শ্রম ও ভবিষ্যৎ নিয়ে এমন ছিনিমিনি খেলার জবাব কে দেবে?
আমরা পুনরায় পরীক্ষা আয়োজনের বিরোধী নই। আমরা চাই একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রশ্নফাঁসমুক্ত নিয়োগ পরীক্ষা। তবে তার আগে প্রশ্ন ফাঁসের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত, সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে জোর দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশীরা।
বিআইডব্লিউটিসির নিয়োগে স্বচ্ছতা ও দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি তাদের।