ঢাকা অফিস

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬ , ১১:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

শেষ ষোলোর সূচি চূড়ান্ত কবে কার ম্যাচ

শেষ বত্রিশ শেষ হতে না হতেই রাতে শুরু হচ্ছে শেষ ষোলো। সকালে কলম্বিয়া-ঘানা ম্যাচ শেষেই চূড়ান্ত হয়ে গেল শেষ ষোলোর সূচি। শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। নকআউট পর্বের এই রাউন্ডে ব্রাজিল খেলবে নরওয়ের বিপক্ষে।

কলম্বিয়া-ঘানা ম্যাচের চেয়েও বাংলাদেশের ভক্ত-সমর্থকদের বেশি আগ্রহ ছিল মায়ামিতে আজ ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা পেরিয়েছে শেষ বত্রিশের বাধা। এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া-মিসর ম্যাচের জয়ী দলকে শেষ ষোলোতে পেল আলবিসেলেস্তেরা।

চমকে ভরপুর বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচগুলো ছিল বেশি রোমাঞ্চকর। জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া-মিসর—শেষ বত্রিশের এই তিন ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। যার মধ্যে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের শেষ ষোলোতে ওঠাকে দেখা হচ্ছে বড় অঘটন হিসেবে। শেষ বত্রিশ পর্ব শেষে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে কানাডা-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ ষোলো পর্ব। এরপর ফিলাডেলফিয়ায় রাত ৩টায় শুরু হবে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ।

ব্রাজিল-নরওয়ে ম্যাচ আগামীকাল নিউজার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার ম্যাচ পড়েছে শেষের দিকে। ৭ জুলাই আটলান্টায় হবে আর্জেন্টিনা-মিসর ম্যাচ। একই রাতে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হবে শেষ ষোলো পর্ব। আর দুই ইউরোপীয় পরাশক্তি স্পেন-পর্তুগালের ম্যাচে যে কোটি কোটি ফুটবলপ্রেমীর আকর্ষণ থাকবে, সেটা বলাই বাহুল্য। ৬ জুলাই ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পর্তুগাল-স্পেন ম্যাচ। 

শেষ ষোলোর পর মাঝে এক দিন বিরতি রয়েছে। ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনাল। শেষ আটে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তবে সেটা হতে পারে সেমিফাইনালে। যদি ব্রাজিল, আর্জেন্টিনা নিজেদের ম্যাচগুলো জিততে পারে, তাহলে আটলান্টায় ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচ। এমনটা হলে বাংলাদেশে কী হবে, সেটা কল্পনার বাইরে। দেশে যে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ঘিরে কতটা উন্মাদনা দেখা যায়, তা তো সকলেরই জানা। এর আগে ১৪ জুলাই ডালাসে হবে প্রথম সেমিফাইনাল। ১৯ জুলাই নিউজার্সিতে হবে ফাইনাল।