প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬ , ০৮:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
নাটকীয়তা, লাল কার্ড, পেনাল্টি আর পাঁচ গোলের রোমাঞ্চে ভরা এক ম্যাচ শেষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রাউন্ড অব সিক্সটিনে সহ-আয়োজক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি মেক্সিকো। বরং ম্যাচের ৩৬তম মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় ইংল্যান্ড। বুকায়ো সাকার নিখুঁত ক্রসে দারুণ হেডে গোল করেন জুড বেলিংহাম।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন একই খেলোয়াড়। হ্যারি কেইনের পাস থেকে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। তবে দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই থেকে ছিটকে যায়নি মেক্সিকো। প্রথমার্ধের ৪২তম মিনিটে হুলিয়ান কিনিয়োনেস গোল করে ব্যবধান ২-১ করেন। ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত শটে ইংল্যান্ডের জালে বল জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। ৫৪তম মিনিটে হেসুস গায়ার্দোর ওপর কঠোর ট্যাকলের জন্য ভিএআরের সহায়তায় ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে প্রায় পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়েই খেলতে হয় ইংলিশদের।
তবু সংখ্যাগত পিছিয়ে থেকেও আক্রমণে কার্যকর ছিল ইংল্যান্ড। ৫৮তম মিনিটে অ্যান্থনি গর্ডনকে ডি-বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে নির্ভুল শটে দলের তৃতীয় গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন।
তবে ম্যাচের উত্তেজনা তখনও শেষ হয়নি। ছয় মিনিট পর নিজেদের ডি-বক্সে ফাউল করে মেক্সিকোকে পেনাল্টি উপহার দেন কেইন। সেই সুযোগ কাজে লাগিয়ে রাউল হিমেনেস স্কোরলাইন ৩-২ করেন।
শেষ দিকে একের পর এক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারেনি মেক্সিকো। ১০ জনের ইংল্যান্ড রক্ষণে দৃঢ়তা দেখিয়ে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রাখে। টানটান উত্তেজনার এই জয় ইংল্যান্ডকে পৌঁছে দেয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, আর স্বাগতিকদের স্বপ্ন থেমে যায় শেষ ষোলোতেই।