খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ , ০৮:০৩ এ এম

অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ইতিহাস, প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে শীর্ষ র‌্যাঙ্কধারী আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে বিশ্বকাপে গড়েছে নতুন ইতিহাস।

কোয়ার্টার ফাইনাল থেকে সবার আগে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স। তারা মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। বিশ্বকাপ শুরুর আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল তৃতীয়। এরপর দ্বিতীয় র‌্যাঙ্কধারী স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড একই ব্যবধানে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সবশেষে শীর্ষ র‌্যাঙ্কিংয়ের আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসের এই বিরল কীর্তি পূর্ণ করে।

২০২৬ বিশ্বকাপে ফিফার পরিবর্তিত ড্র পদ্ধতিও এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন নিয়ম অনুযায়ী শীর্ষ চার র‌্যাঙ্কধারী দলকে ড্রয়ের চারটি আলাদা কোয়াড্রেন্টে রাখা হয়, যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। তবে এই সুবিধা কাজে লাগাতে প্রতিটি দলকেই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে হয়েছে এবং চার দলই সেটি করতে সক্ষম হয়েছে।

এই বিন্যাসের ফলে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সকে রাখা হয়েছিল নকআউট পর্বের বিপরীত পাশে। ফলে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোনোয় শেষ চারে মুখোমুখি হচ্ছে স্পেন-ফ্রান্স এবং আর্জেন্টিনা-ইংল্যান্ড।

আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হয় ১৯৯৪ সালে। তবে ওই বছরের বিশ্বকাপে এটি বাছাইয়ের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়নি। এরপরও দীর্ঘ তিন দশকে কখনোই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারেনি। বরং ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম শীর্ষ চারে থেকেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ২০২৬ বিশ্বকাপেই প্রথমবার সেই ইতিহাস বদলে গেল।