প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ , ১০:২৩ এ এম

অনলাইন সংস্করণ

ফ্রান্সকে হারিয়ে ফুয়েন্তে বললেন, ‘স্পেন সবকিছু পাওয়ার যোগ্য’

ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। বুধবার ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল লুইস দে লা ফুয়েন্তের দল। দিদিয়ের দেশমের ফ্রান্সকে পুরো ম্যাচে তেমন কোনো সুযোগই তৈরি করতে দেয়নি স্প্যানিশরা।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, তার দল সবকিছু অর্জনের যোগ্য। একই সঙ্গে বর্তমান সময়ের সেরা দল হিসেবেও স্পেনকে উল্লেখ করেছেন তিনি।

দে লা ফুয়েন্তে বলেন, ‘প্রায় চার বছর আগে আমরা একটি পরিকল্পনা নিয়ে পথচলা শুরু করেছিলাম। সেই পরিকল্পনার প্রতি আমরা অবিচল থেকেছি। আজ সেই পথ আমাদের বিশ্বকাপের ফাইনালে নিয়ে এসেছে।’

বিশ্বকাপ শুরুর আগে থেকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছিল স্পেনকে। তবে সেমিফাইনালে আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত ফ্রান্সকে যেভাবে কৌশলগতভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে তারা, তা নতুন করে স্প্যানিশদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আজ আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দলটি। এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

২০২২ সালে স্পেনের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে নতুন রূপে গড়ে তুলছেন এই স্প্যানিশ কোচ। তার অধীনেই ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল স্পেন। এবার বিশ্বকাপের ফাইনালে ওঠার মাধ্যমে সেই সাফল্যের ধারাবাহিকতাই ধরে রাখল তারা।

শুধু তাই নয়, টানা তিন বছরে তিনটি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর কৃতিত্বও দেখিয়েছে স্পেন। দীর্ঘ ১৬ বছর পর তারা আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল।

বিশ্বকাপের ইতিহাসে এটি স্পেনের দ্বিতীয় ফাইনাল। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম ও একমাত্রবারের মতো শিরোপা জিতেছিল লা রোহারা।

১৬ বছর পর আবারও স্পেনকে বিশ্বকাপের ফাইনালে তুলে আনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘এই খেলোয়াড়রা সবকিছু পাওয়ার যোগ্য। প্রতিদিন তারা তাদের প্রতিশ্রুতি, ঐক্য, উদারতা এবং প্রতিভার প্রমাণ দিয়েছে। তারা কঠিন কাজগুলোকে সহজ করে ফেলে।’

এখন শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে স্পেন। আর তাদের কোচের বিশ্বাস, পরিকল্পনা, পরিশ্রম ও দলীয় সংহতির ফল হিসেবেই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পেয়েছে তার দল।