ঢাকা অফিস

প্রকাশিত: ২১ অক্টোবার ২০২৫ , ১১:০৬ এ এম

অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল কানাডা

ইউরোপের দেশগুলোর পর এবার উত্তর আমেরিকার প্রভাবশালী দেশ কানাডা যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার প্রচারিত ব্লুমবার্গ পডকাস্ট-এর এক সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।

গ্রেপ্তার প্রসঙ্গে সরাসরি প্রশ্নের জবাবে কার্নি বলেন, “হ্যাঁ।” তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

তিনি আরও জানান, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াটা তার সরকারের অগ্রাধিকার, তবে এটাই শেষ নয়। কার্নির ভাষায়, “ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে ফিলিস্তিন রাষ্ট্র থাকবে।”

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৪৭ সাল থেকে কানাডা দুই রাষ্ট্র সমাধানের নীতি অনুসরণ করছে। কিন্তু ইসরায়েলের বর্তমান সরকার জাতিসংঘের নীতিমালা অমান্য করে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ করার চেষ্টা করছে। সেই কারণেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

কার্নির এই মন্তব্যের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক উপদেষ্টা ওফির ফাল্ক কানাডীয় গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কানাডা যেহেতু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা গ্রহণ করেছে, তাই মার্ক কার্নির উচিত “বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে স্বাগত জানানো।”

উল্লেখ্য, গত দুই বছরে ইসরায়েলের ক্রমাগত হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে ৬৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

কানাডার আগে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডসহ ইউরোপের একাধিক দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে।