প্রকাশিত: ২৭ অক্টোবার ২০২৫ , ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ
মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার অচলাবস্থার (শাটডাউন) চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। এরই মধ্যে ৪ কোটিরও বেশি মানুষের জন্য ফেডারেল খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবুও কংগ্রেসের ডেমোক্র্যাটরা তাদের কৌশলে কোনো পরিবর্তন আনছেন না।
সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ও প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস জানিয়ে দিয়েছেন—স্বাস্থ্যসেবা সংক্রান্ত দাবিগুলো পূরণ না হলে তারা সরকার পুনরায় চালুর জন্য ভোট দেবেন না। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে ব্যর্থ হওয়ায় তারা তার প্রশাসনকেও কঠোর সমালোচনা করছেন। ট্রাম্প বর্তমানে অচলাবস্থার মধ্যেও দ্বিতীয় বিদেশ সফরে রয়েছেন।
ভারমন্টের সিনেটর পিটার ওয়েলচ সিএনএনকে বলেন, “এটি পুরোপুরি ট্রাম্পের দোষ। তিনি আলোচনায় বসছেন না, রিপাবলিকানরাও সমঝোতায় রাজি নয়।” তিনি ট্রাম্পের এশিয়া সফরকে “দেশের প্রতি অবহেলার প্রতীক” বলে মন্তব্য করেন।
ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, “সরকার বন্ধ থাকার সময় বিদেশ সফরে যাওয়া একেবারেই অগ্রহণযোগ্য। প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত আমেরিকায় থাকা, আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করা।”
ডেমোক্র্যাট নেতারা প্রকাশ্যে ও অভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ রয়েছেন। তাদের ধারণা, শেষ পর্যন্ত রিপাবলিকানরাই সমঝোতায় বাধ্য হবে—বিশেষ করে আগামী ১ নভেম্বর খোলা স্বাস্থ্যবীমা নিবন্ধনের সময় প্রিমিয়াম বাড়ার বিষয়টি প্রকাশ পেলে জনঅসন্তোষ বাড়বে।
এদিকে নভেম্বরের শুরুতেই আরও এক বড় সংকট দেখা দিতে পারে। প্রায় ৪২ মিলিয়ন মানুষ ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (SNAP) বা খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় সুবিধা হারাতে পারেন।
প্রতিনিধি পরিষদের তৃতীয় শীর্ষ ডেমোক্র্যাট পিট আগুইলার বলেন, “এটি সহজ নয়, কষ্টকরও বটে। কিন্তু আমরা জনগণের স্বাস্থ্যসেবা রক্ষার জন্য লড়ছি।”
কৃষি বিভাগ (USDA) জানিয়েছে, তারা সরকার বন্ধ থাকা অবস্থায় ৬ বিলিয়ন ডলারের রিজার্ভ তহবিল ব্যবহার করে নভেম্বর মাসের খাদ্য কুপন দিতে পারবে না। ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমানে তহবিল শেষ। ১ নভেম্বর থেকে কোনো নতুন সুবিধা দেওয়া হবে না।”
তবে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “সবাই ভালো থাকবে, চিন্তার কিছু নেই।” যদিও তার বক্তব্য USDA–র ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।
দলীয় সূত্রে জানা গেছে, হোয়াইট হাউস অভ্যন্তরে এই সহায়তা চালু রাখার বিকল্প উপায় খুঁজছে। বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান গভর্নররা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।
জেফ্রিস সাংবাদিকদের বলেন, “একজন আমেরিকানও যেন না খেয়ে থাকে, সেটাই আমাদের লক্ষ্য। কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে তাদের চরম ডানপন্থী নীতি জনগণের ওপর চাপিয়ে দেওয়া যায়।”
ডজনখানেক ডেমোক্র্যাট কৃষিমন্ত্রী ব্রুক রলিন্সের কাছে চিঠি পাঠিয়ে বলেছেন, প্রশাসনের হাতে SNAP প্রোগ্রাম চালানোর মতো অর্থ ও আইনি ক্ষমতা আছে। কিন্তু রলিন্স জানিয়েছেন, কংগ্রেস ব্যবস্থা না নিলে নভেম্বরের আগে অর্থ শেষ হয়ে যাবে।
রিপাবলিকান সিনেটর জশ হাউলি SNAP চালুর জন্য একটি বিল উত্থাপন করেছেন, যাতে সরকার বন্ধ থাকা অবস্থায়ও খাদ্য সহায়তা চলমান থাকে। প্রশাসন বিলটির প্রতি সমর্থন জানিয়েছে, যদিও তা কবে আলোচনায় আসবে তা স্পষ্ট নয়।
কানসাসের সিনেটর রজার মার্শাল বলেন, “এটি সহজ কাজ নয়, কিন্তু কিছু চাপ সৃষ্টি করাও দরকার যাতে ডেমোক্র্যাটরা আলোচনায় আসে।” তিনি নিজেও একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করেন, “SNAP ও WIC প্রোগ্রাম অনেক গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
রিপাবলিকান সিনেটর এরিক শ্মিট বলেন, “সমস্যার সমাধান একটাই—ডেমোক্র্যাটদের উচিত সরকারের অর্থায়নে ভোট দেওয়া।”
তথ্যসূত্র: সিএনএন