এখন সময় রিপোর্ট

প্রকাশিত: ৩০ অক্টোবার ২০২৫ , ০৩:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

ধনকুবেরদের অর্থে জোহরান মামদানীর প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু ক্যুমো শক্তিশালী হচ্ছে

নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানী বিশ্বাস করেন—‘ধনকুবেরদের অস্তিত্বই থাকা উচিত নয়’। আর সেই মতাদর্শের বিরুদ্ধেই এখন তাঁকে ঠেকাতে উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাবশালী ধনী ব্যক্তিরা। তাঁদের লক্ষ্য—মামদানীর প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু ক্যুমোকে জয়ী করা।

মামদানীর নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম দিক হলো—ধনীদের ও বড় করপোরেশনগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ। তাঁর প্রস্তাব অনুযায়ী, নিউইয়র্কে বছরে ১০ লাখ ডলারের বেশি আয়কারীদের ওপর অতিরিক্ত ২ শতাংশ কর বসবে। এত প্রতিকূল প্রচারণার মধ্যেও মামদানী বর্তমানে জনপ্রিয়তায় এগিয়ে আছেন।

মামদানীর বিপক্ষে গঠিত কয়েকটি বড় সংগঠনের মধ্যে রয়েছে ‘ফিক্স দ্য সিটি’ (প্রো-ক্যুমো কমিটি) এবং ‘ডিফেন্ড এনওয়াইসি’, যারা মূলত তাঁর প্রার্থিতার বিরোধিতা করছে। বিজনেস ইনসাইডার-এর তথ্যমতে, ফিক্স দ্য সিটি এখন পর্যন্ত ৭৩ লাখ ডলার এবং ডিফেন্ড এনওয়াইসি প্রায় ২৫ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে।

ফোর্বস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অন্তত ২৬ জন বিলিয়নিয়ার ও প্রভাবশালী ধনী পরিবার ইতোমধ্যে ক্যুমোর পক্ষে এক লাখ ডলারের বেশি অনুদান দিয়েছেন। মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ মিলিয়ন ডলার, যার মধ্যে আছেন বিল অ্যাকম্যান ও সাবেক নিউইয়র্ক মেয়র মাইকেল ব্লুমবার্গের মতো শীর্ষ ধনকুবেররা।

মামদানীর বিরোধী প্রধান দাতাদের তালিকা (ফোর্বস সূত্রে):

- মাইকেল ব্লুমবার্গ — ৮.৩ মিলিয়ন ডলার

- জোসেফ গেবিয়া — ৩ মিলিয়ন ডলার

- লডার পরিবার — ২.৬ মিলিয়ন ডলার

- বিল অ্যাকম্যান — ১.৭৫ মিলিয়ন ডলার

- টিশ পরিবার — ১.২ মিলিয়ন ডলার

- জন হেস ও পরিবার — ১ মিলিয়ন ডলার

- ড্যানিয়েল লোব — ৭.৭৫ লাখ ডলার

- ব্যারি ডিলার ও স্টিভ উইন — প্রত্যেকে ৫ লাখ ডলার

- রিড হেস্টিংস, অ্যালিস ওয়ালটন, ডেবোরা সাইমনসহ অন্যান্য ধনকুবেররাও ক্যুমোর পক্ষে অনুদান দিয়েছেন।

তবে মামদানীর প্রচার দল বলছে, এই আর্থিক ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা জনগণের সমর্থনের বিকল্প নয়। তাঁরা মনে করেন, “নিউইয়র্কবাসী এখন এমন নেতৃত্ব চান, যিনি ধনীদের নয়, সাধারণ নাগরিকের পক্ষে দাঁড়াবেন।”