খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬ , ০৫:৫৬ এ এম

অনলাইন সংস্করণ

টাইব্রেকারে জার্মানিকে বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে

বিশ্বকাপে আরেকটি বড় অঘটনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতায় থাকা ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে, যেখানে নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্ডো গিল।

বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল জার্মানি। তবে সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪২তম মিনিটে মিগুয়েল আলমিরন ও মাতিয়াস গালারজার দৃষ্টিনন্দন সমন্বিত আক্রমণ থেকে গালারজার নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন জুলিও এনসিসো।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। ৫৪তম মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের তৈরি করা সুযোগে কাই হাভার্টজের নিখুঁত ফ্লিকে সমতায় ফেরে ইউরোপের দলটি। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে জোনাথান তাহের হেডে জার্মানি বল জালে পাঠালেও ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে প্যারাগুয়ের গোলরক্ষক গাতিতো গিলকে অবৈধভাবে বাধা দিয়েছিলেন ওয়াল্ডেমার অ্যান্টন।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম শটেই কাই হাভার্টজের প্রচেষ্টা ঠেকিয়ে জার্মানিকে চাপে ফেলে দেন অরলান্ডো গিল। পরে নিক ওলটেমেডের শটও রুখে দেন তিনি। যদিও প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়ার শট ফিরিয়ে দেন নয়্যার এবং শেষ শটে ফ্যাবিয়ান বালবুয়েনার প্রচেষ্টাও আটকে দেন জার্মান অধিনায়ক। ফলে প্রথম পাঁচ শট শেষে স্কোর দাঁড়ায় ৩-৩।

সাডেন ডেথে জোনাথান তাহের শট লক্ষ্যভ্রষ্ট হলে সুযোগ পায় প্যারাগুয়ে। সেই সুযোগ হাতছাড়া করেননি হুয়ান ক্যানালে। তার জোরালো শট জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে দক্ষিণ আমেরিকার দলটি।

এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল প্যারাগুয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী। অন্যদিকে প্রত্যাশার অনেক আগেই বিশ্বকাপ মিশন শেষ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির।