খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ , ১০:২৩ এ এম

অনলাইন সংস্করণ

কে জিতবেন গোল্ডেন গ্লাভস

ফিফা বিশ্বকাপে সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস পুরস্কার। নকআউট পর্বে গুরুত্বপূর্ণ সেভ, পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স এবং দলের সাফল্যে অবদান এই পুরস্কার নির্ধারণে বড় ভূমিকা রাখে। বিশ্বকাপের শেষভাগে এসে তাই জমে উঠেছে গোল্ডেন গ্লাভসের লড়াই।

নামের সঙ্গে 'গোল্ডেন' শব্দটি থাকলেও ট্রফিটি খাঁটি সোনার তৈরি নয়। এটি সাধারণত পিতল বা তামার ওপর সোনালি প্রলেপ দিয়ে তৈরি করা হয়। এর আর্থিক মূল্যের চেয়ে সম্মান ও ঐতিহাসিক গুরুত্বই অনেক বেশি।

সেমিফাইনালের আগে ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়াঁকে এই পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে স্পেনের কাছে ফ্রান্সের ২-০ গোলের পরাজয়ের পর সেই সমীকরণ বদলে গেছে। বাজির বাজারে এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন স্পেনের উনাই সিমন।

চলতি বিশ্বকাপে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়েছেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক। এখন পর্যন্ত সাত ম্যাচে তিনি মাত্র একটি গোল হজম করেছেন। একই সঙ্গে নিজের ঝুলিতে যোগ করেছেন ছয়টি ক্লিনশিট, যা বিশ্বকাপের এক আসরে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ ক্লিনশিটের নতুন রেকর্ড। স্পেনও এই বিশ্বকাপে দল হিসেবে ছয়টি ক্লিনশিট রেখে নতুন নজির গড়েছে।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয়ে শেষ হয় সিমনের ৬৪৯ মিনিটের গোল না খাওয়ার রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘ সময় গোল হজম না করার নতুন রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজও এখনও লড়াইয়ে আছেন। তবে চলতি আসরে তার পারফরম্যান্স সিমনের তুলনায় কিছুটা পিছিয়ে। আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে দুটি, রাউন্ড অব ১৬-তে মিশরের বিপক্ষে আরও দুটি এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি গোল হজম করেছে।

বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে মার্তিনেজের আর্জেন্টিনা। এই ম্যাচে তার ব্যক্তিগত পারফরম্যান্স গোল্ডেন গ্লাভসের দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে।

পরিসংখ্যান বলছে, গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবারই গোল্ডেন গ্লাভস জিতেছেন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক। ফলে কে এই পুরস্কার জিতবেন, তা অনেকটাই নির্ভর করছে শেষ পর্যন্ত কোন দল বিশ্বকাপের শিরোপা জেতে এবং গোলরক্ষকদের পারফরম্যান্স কতটা উজ্জ্বল থাকে তার ওপর।

তবে বর্তমান পারফরম্যান্স, ক্লিনশিটের রেকর্ড এবং স্পেনের ফাইনালে ওঠার পরিপ্রেক্ষিতে গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে আপাতত সবচেয়ে এগিয়ে রয়েছেন উনাই সিমন। বিশ্বকাপের শেষ ম্যাচে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে স্পেনের এই গোলরক্ষকের হাতেই উঠতে পারে সেরা গোলরক্ষকের মর্যাদাপূর্ণ এই পুরস্কার।