খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ , ০৮:২৭ এ এম

অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই উন্মাদনা। তবে এবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই শুধু মাঠের উত্তেজনায় নয়, টিকিটের রেকর্ডমূল্যেও আলোচনায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে দামী ফুটবল ফাইনাল হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের একটি টিকিটের গড় ক্রয়মূল্য এখন ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। এর আগে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে কোনো ফাইনাল ম্যাচের টিকিটের গড় মূল্য এত বেশি ছিল না।

প্রায় ৮৩ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামের সব আসন পূর্ণ হলে শুধু টিকিট বিক্রি থেকেই আয় হতে পারে প্রায় ৯৩ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকার সমান।

ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ৭ হাজার ৬৭৬ ডলার বা প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা। অন্যদিকে সবচেয়ে দামি টিকিট কিনতে গুনতে হচ্ছে ২৮ হাজার ৪৭৯ ডলার, অর্থাৎ প্রায় ৩৫ লাখ টাকা।

টিকপিক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল ফাইনাল ম্যাচ। এর আগে ২০২৪ সালের সুপার বোল এলভিআইআইআই-এর (৫৮তম আসর) ফাইনালের টিকিটের গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার, যা এবার বিশ্বকাপের ফাইনালের তুলনায় অনেক কম।

এবারের বিশ্বকাপে টিকিট বিক্রির ক্ষেত্রে রিসেল বা পুনর্বিক্রয় ব্যবস্থা চালু রয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে ফিফা প্রতিটি ম্যাচের জন্য প্রাথমিক মূল্য নির্ধারণ করেছিল। তবে ম্যাচের গুরুত্ব ও চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও বেড়েছে কয়েক গুণ।

বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি টিকিটের প্রাথমিক মূল্য ছিল ১০ হাজার ৯৯০ ডলার। বর্তমানে সেটির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজার ৫০০ ডলারে। টিকিটের এই লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনাও রয়েছে। অনেক ফুটবলপ্রেমী ফিফার এমন মূল্যনীতিকে 'ফিফার ব্ল্যাক টিকিট' বলেও অভিহিত করছেন।

সব মিলিয়ে, আর্জেন্টিনা-স্পেনের এই মহারণ শুধু বিশ্বকাপের শিরোপাই নির্ধারণ করবে না, টিকিটের মূল্যেও গড়ে দিচ্ছে নতুন ইতিহাস।