প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ , ১০:২৪ এ এম
অনলাইন সংস্করণ
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ভক্তদের জন্য এসেছে নতুন সুখবর। বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার প্রিমিয়াম ফরম্যাটের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২০ জুলাই। সিনেমাটি মুক্তির প্রায় পাঁচ মাস আগে থেকেই টিকিট বিক্রির এই উদ্যোগ নিয়েছে ডিজনি।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির সম্ভাব্য দৈর্ঘ্যের তথ্যও। বর্তমানে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর রানটাইম নির্ধারণ করা হয়েছে ১৬৫ মিনিট বা ২ ঘণ্টা ৪৫ মিনিট। ফলে এটি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর (১৪৯ মিনিট) চেয়ে দীর্ঘ হলেও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেইম’-এর (১৮১ মিনিট) তুলনায় কিছুটা ছোট।
সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো ডক্টর ডুম চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন। একসময় আইরন ম্যান চরিত্রে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেতাকে এবার দেখা যাবে মার্ভেলের নতুন শক্তিশালী ভিলেনের ভূমিকায়।
এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, অ্যান্থনি ম্যাকি, টম হিডলস্টন, পল রাড, পেড্রো পাস্কাল, ফ্লোরেন্স পিউসহ আরও অনেক জনপ্রিয় তারকা।
মার্ভেল ভক্তদের আরেকটি প্রত্যাশা সিনেমাটির প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার নিয়ে। ধারণা করা হচ্ছে, আগামী ২৫ জুলাই সান ডিয়েগো কমিক-কনে ট্রেলারটি প্রকাশ করা হতে পারে।
অ্যান্থনি ও জো রুসো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে।