প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬ , ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উঠলেই যে কয়েকটি জুটির নাম সবার আগে আসে, তাদের মধ্যে অন্যতম সালমান খান ও সঞ্জয় দত্ত। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। ব্যক্তিগত ও পেশাগত নানা উত্থান-পতনের মধ্যেও একে অপরের পাশে থেকেছেন তারা। সেই বন্ধুত্বেরই আরেকটি উষ্ণ মুহূর্ত এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেন সালমান খান। ছবিতে দেখা যায়, একে অপরকে জড়িয়ে ধরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন দুই তারকা। সঞ্জয় দত্তের পরনে ছিল কালো শার্ট, আর সালমান ছিলেন কালো টি-শার্টে। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।
পোস্টটি প্রকাশের ১০ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে প্রায় ২৪ লাখের বেশি প্রতিক্রিয়া পায়। অন্যদিকে, সালমানের ফেসবুক পেজেও প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের ঘরেও ভক্তরা তাদের বন্ধুত্বের প্রশংসায় ভরিয়ে দেন।
পোস্টের সঙ্গে সালমান যুক্ত করেন তাদের জনপ্রিয় গান ‘চল মেরে ভাই’, যা ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের সিনেমার অংশ। ক্যাপশনে তিনি সঞ্জয় দত্তকে উদ্দেশ করে লেখেন, ‘বাবা ফরএভার। সঞ্জু বাবা শুধু আমাদেরই নন, এখন আমাদের সন্তানদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু সবাই যেন এই মানুষটিকে সবসময় ভালো রাখেন। ভালোবাসি তোমাকে বাবা।’
সালমানের এই আবেগঘন বার্তায় সাড়া দেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও। মন্তব্যে তিনি লেখেন, ‘ব্রাদার্স ফর লাইফ’, যা ভক্তদের নজর কাড়ে।
গত ২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের ৬৭তম জন্মদিন। ধারণা করা হচ্ছে, ওই দিনই ছবিগুলো তোলা হয়েছিল। কয়েক দিন পর ছবিগুলো প্রকাশ করে প্রিয় বন্ধুর প্রতি যেন বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছাই জানিয়েছেন সালমান।
সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় সিনেমা ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’-এ। এছাড়া বিভিন্ন চলচ্চিত্রে বিশেষ উপস্থিতিতেও তাদের দেখা গেছে। সবশেষ সৌদি আরবের অ্যাকশনধর্মী সিনেমা ‘৭ ডগস’-এ বিশেষ চরিত্রে একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন এই দুই বলিউড তারকা।