এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২৬ , ০৭:১১ পিএম

অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার কথা ভাবছে ওপেনএআই

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আলোড়ন সৃষ্টি করা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের সেবায় বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা করছে। মূলত গুগল ও মেটার মতো টেক জায়ান্টদের সাথে পাল্লা দিয়ে এআই প্রযুক্তির উন্নয়নে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, তা সামাল দিয়ে প্রতিষ্ঠানটিকে একটি লাভজনক অবস্থায় নিয়ে আসতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিদিন চ্যাটবটটি পরিচালনা করতে যে আকাশচুম্বী খরচ হয়, তা মেটাতে বিকল্প আয়ের উৎস হিসেবে এখন ব্যবহারকারীর প্রম্পটের উত্তরে বিজ্ঞাপন প্রদর্শনের চিন্তা করা হচ্ছে। রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই ইতিমধ্যে বিজ্ঞাপন প্রদর্শনের বিভিন্ন কাঠামোর নমুনা নিয়ে কাজ শুরু করেছে।

সূত্রমতে, ওপেনএআইয়ের কর্মীরা চ্যাটজিপিটির সাইডবারে কয়েকটি বিজ্ঞাপন কাঠামোর প্রাথমিক পরীক্ষাও চালিয়েছেন। ভবিষ্যতে যদি কোনো ব্যবহারকারী চ্যাটজিপিটির কাছে নির্দিষ্ট কোনো পণ্য কেনার পরামর্শ চান বা কোনো ব্র্যান্ড সম্পর্কে জানতে চান, তবে চ্যাটবটের মূল উত্তরের সঙ্গেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা তথ্য প্রদর্শিত হতে পারে। যদিও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সরাসরি বিজ্ঞাপনের বিষয়ে আগে খুব একটা আগ্রহ দেখাননি, কিন্তু ব্যবহারকারীদের সাথে দীর্ঘ কথোপকথনের মাধ্যমে জমা হওয়া বিপুল তথ্য এখন বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে। ফলে এই ব্যবসায় নামলে ওপেনএআই আমাজন বা গুগলের দীর্ঘদিনের একাধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

বিজ্ঞাপন প্রদর্শনের এই নতুন প্রক্রিয়াটি নিয়ে প্রতিষ্ঠানটি বেশ সতর্ক অবস্থানে রয়েছে। তারা এমন একটি মডেল তৈরি করতে চাচ্ছে যাতে ব্যবহারকারীদের সাধারণ অভিজ্ঞতায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এবং তারা যেন চ্যাটবটটি ব্যবহারে আগের মতোই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে চ্যাটজিপিটিতে ঠিক কবে থেকে বাণিজ্যিকভাবে এই বিজ্ঞাপন ব্যবস্থা চালু হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সময়সীমা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি কার্যকর হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।