প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬ , ০৯:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বহুদিনের স্বপ্ন ছিল স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের শেষ ষোলোর ম্যাচ দেখে সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। তবে এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে একটি বিষয়, তিনি গ্যালারিতে বসেই দেখেছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়।
রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। আর্জেন্টিনার সমর্থক হওয়ায় ব্রাজিলের এই হার মেহজাবীনের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে ওঠে।
খেলা শুরুর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে একটি পোস্টও করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, "ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।" ম্যাচ শেষে অনেকেই সেই পোস্টের সঙ্গে ব্রাজিলের পরাজয়ের মিল খুঁজে পান।
খেলা শেষে যুক্তরাষ্ট্র থেকে এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মেহজাবীন বলেন, স্টেডিয়ামে বসে বিশ্বকাপের ম্যাচ দেখা তার জীবনের অন্যতম বড় স্বপ্ন ছিল। হাজারো দর্শকের একসঙ্গে উচ্ছ্বাস, মাঠের পরিবেশ এবং পুরো আয়োজন তাকে দারুণভাবে মুগ্ধ করেছে। তার ভাষায়, টেলিভিশনে খেলা দেখার চেয়ে গ্যালারিতে বসে সেই আবহ অনুভব করা কয়েকগুণ বেশি রোমাঞ্চকর। এই স্মৃতি সারাজীবন তার সঙ্গে থাকবে।
ম্যাচ নিয়ে নিজের মূল্যায়নও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, শুরু থেকেই মনে হয়েছিল লড়াইটা জমজমাট হবে। ব্রাজিল শক্তিশালী দল হলেও নরওয়েকেও হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না।
নেইমারের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে মেহজাবীন বলেন, সাম্প্রতিক সময়ে আর্লিং হলান্ডের খেলাও তাকে মুগ্ধ করেছে। তিনি মনে করেন, হলান্ড বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার। আর যেহেতু তিনি আর্জেন্টিনার সমর্থক, তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচে তার সমর্থন ছিল নরওয়ের পক্ষেই।
যদিও এবার বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো ম্যাচ মাঠে বসে দেখা হচ্ছে না তার। শিগগিরই দেশে ফিরতে হবে বলে সেটি আর সম্ভব হচ্ছে না। তবু প্রিয় দলকে নিয়ে আশাবাদী মেহজাবীন। তার প্রত্যাশা, আর্জেন্টিনা ফাইনালে উঠবে এবং শিরোপার লড়াইয়ে নিজেদের সেরাটা উপহার দেবে।
উল্লেখ্য, এর আগে কোপা আমেরিকার সময়ও নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার একটি ম্যাচ উপভোগ করেছিলেন মেহজাবীন। এবার একই স্টেডিয়ামে তিনি প্রত্যক্ষ করলেন ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় এবং নরওয়ের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার মুহূর্ত।