প্রকাশিত: ২২ ডিসেম্বার ২০২৫ , ০৯:১১ এ এম
অনলাইন সংস্করণ
প্রযুক্তি বিশ্বে নিজেদের আধিপত্য আরও জোরালো করতে এবার নতুন মিশনে নেমেছে ওপেনএআই। গুগলের ক্রোম ব্রাউজারকে চ্যালেঞ্জ জানাতে গত অক্টোবরে তারা উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়েব ব্রাউজার চ্যাটজিপিটি অ্যাটলাস। এমনকি গুগলের সার্চ সেবাকে পেছনে ফেলতে চ্যাটজিপিটি সার্চে বড় পরিবর্তনও এনেছে প্রতিষ্ঠানটি। তবে ওপেনএআইয়ের লক্ষ্য এখন আরও সুদূরপ্রসারী। অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে চ্যাটজিপিটিকে একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেমে রূপান্তরের কাজ শুরু করেছে তারা।
এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নে শপিফাইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্লেন কোয়েটসকে হেড অব অ্যাপ প্ল্যাটফর্ম হিসেবে নিয়োগ দিয়েছে ওপেনএআই। বর্তমানে চ্যাটজিপিটি মূলত একটি অ্যাপ বা প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হলেও এর এআই এজেন্ট এবং বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা এটিকে একটি সর্বজনীন ইন্টারফেসে পরিণত করছে। সম্প্রতি যুক্ত হওয়া চ্যাটজিপিটি অ্যাপস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটবটের ভেতর থেকেই সরাসরি তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করে বিভিন্ন কাজ সারতে পারছেন।
বিশেষজ্ঞদের মতে, একটি সাধারণ অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয় করে। চ্যাটজিপিটি ইতিমধ্যে ব্যবহারকারী ইন্টারফেস ও অ্যাপের সমন্বয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। তবে এখনকার মূল চ্যালেঞ্জ হলো হার্ডওয়্যারের সঙ্গে এর সরাসরি সংযোগ তৈরি করা। গ্লেন কোয়েটস জানিয়েছেন, চ্যাটজিপিটিকে শুধু একটি অ্যাপ হিসেবে সীমাবদ্ধ না রেখে ধাপে ধাপে একটি মূল সফটওয়্যার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।
টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েটস বলেন, আগামী কয়েক বছরে চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে লেখালেখি, প্রোগ্রামিং বা কেনাকাটার মতো প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন থাকবে। এটি হবে একটি সমন্বিত ডিজিটাল পরিবেশ, যা প্রথাগত অপারেটিং সিস্টেমের অভিজ্ঞতাকেও বদলে দেবে। গ্যাজেটস ৩৬০-এর বরাতে জানা গেছে, ওপেনএআইয়ের এই উদ্যোগ স্মার্টফোন ও কম্পিউটিং জগতের ভবিষ্যৎ পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।