প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ , ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাজধানী রিয়াদের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা সব ড্রোনই সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলার সঙ্গে জড়িত। তাদের পাঠানো ড্রোনগুলো গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এর আগে গত শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে ড্রোন হামলার এই ঘটনা ঘটল।
হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। পৃথক এক বিবৃতিতে তারা জানায়, সৌদি আরবের বিরুদ্ধে পরিচালিত এই আগ্রাসনের উৎসের বিরুদ্ধে জবাব দেওয়ার এবং দায়ীদের প্রতিহত করার পূর্ণ অধিকার দেশটির রয়েছে।
একই সঙ্গে সৌদি আরব ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো পক্ষ সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালাতে না পারে। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে রিয়াদ।
সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, ইরাকের ভূখণ্ডকে এই হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরাক সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।