প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ , ০৯:৩৭ এ এম
অনলাইন সংস্করণ
দীর্ঘ ১৭ বছর পর সিরিয়া সফরে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার তিনি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি তাকে স্বাগত জানান। ২০০৯ সালের পর এই প্রথম কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়ার মাটিতে পা রাখলেন।
সফরকালে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সফরকে সিরিয়ার নতুন নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আহমেদ আল-শারা একসময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। ২০২৪ সালে তিনি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ও মানবিক সংকটের মধ্য দিয়ে গেছে। জাতিসংঘ মহাসচিবের এবারের সফর যুদ্ধ-পরবর্তী সিরিয়ার আন্তর্জাতিক পুনঃসম্পৃক্ততার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সফরের অংশ হিসেবে গুতেরেস গোলান মালভূমিতে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউএন ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্সের (ইউএনডিওএফ) সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সিরিয়ার বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মতবিনিময় করবেন।