এখন সময় ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ , ০৯:৫৮ এ এম

অনলাইন সংস্করণ

সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত, বাস্তবায়ন না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ভারতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং পুলিশি হয়রানি বন্ধে সরকারের আশ্বাসের পর আপাতত নতুন কর্মসূচি স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার দিবাগত রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই থেকে তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সিজেপির মুখপাত্র সৌরভ দাস।

তিনি বলেন, বৈঠকে আন্দোলনকারীদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার আগের দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং কয়েকটি রাজ্যের জারি করা নির্দেশনাও তাদের দেখানো হয়েছে।

সৌরভ দাসের দাবি, বিহার ও আসাম সরকারের নির্দেশনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে নতুন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তির বিষয়টি উল্লেখ রয়েছে। একই ধরনের নির্দেশনা বিজেপি বা এনডিএ-শাসিত অন্যান্য রাজ্য থেকেও দ্রুত জারি করা হবে বলে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে।

এক ভিডিও বার্তায় তিনি জানান, সরকারি আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হবে, সে বিষয়ে বৈঠকে তারা উদ্বেগ প্রকাশ করেন। জবাবে সরকারি প্রতিনিধিরা বিহারের স্বরাষ্ট্র বিভাগের একটি বিজ্ঞপ্তি উপস্থাপন করেন, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থা প্রত্যাহারের কথা বলা হয়েছে।

সিজেপির ভাষ্য, বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সব রাজ্য সরকারের পক্ষ থেকে অভিন্ন নির্দেশনা জারি করা প্রয়োজন। এ বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।

সৌরভ দাস বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নিতে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দ্রুত জারি করা হবে।

সিজেপি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ব্যত্যয় ঘটলে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও দলটি সতর্ক করেছে।