প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬ , ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে সৃষ্ট বাণিজ্যিক চাপ মোকাবিলা এবং বৈশ্বিক বাজারে রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে নতুন স্ট্র্যাটেজিক এক্সপোর্টস অফিস গঠন করেছে কানাডা। সরকারের আশা, এই নতুন দপ্তর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কানাডীয় পণ্য ও সেবার বাজার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কানাডা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন দপ্তরটি সম্ভাবনাময় আন্তর্জাতিক বাজার চিহ্নিত করা, রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং বৈশ্বিক প্রতিযোগিতায় কানাডার অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে কাজ করবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবায়নেও এই দপ্তর ভূমিকা রাখবে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে কানাডার রপ্তানি খাত উল্লেখযোগ্য চাপের মুখে পড়েছে। বিশেষ করে গত মাসে কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তোলে।
এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী Mark Carney বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধ সমাধানে তার সরকার ইতোমধ্যে একটি বিস্তৃত প্রস্তাব দিয়েছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) লঙ্ঘন করেছে।
এক বিবৃতিতে কার্নি বলেন, এই বাণিজ্য বিরোধের প্রভাব শুধু কানাডাতেই সীমাবদ্ধ নয়; এর কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরও অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। তিনি জানান, উভয় দেশের স্বার্থে বাকি থাকা সমস্যাগুলোর সমাধানে ওয়াশিংটনের সঙ্গে গঠনমূলক আলোচনায় কানাডা প্রস্তুত।