এখন সময় ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ , ১০:২০ এ এম

অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় ইরানে নিহত ৩৭, আহত আড়াই শতাধিক

ইরানের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০ জন বেসামরিক নাগরিক এবং সাতজন সামরিক সদস্য রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২৬০ জনেরও বেশি মানুষ। বুধবার ইরানের সরকারি ও সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, সরকার সব ধরনের সামর্থ্য নিয়ে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকবে। ইরানের দক্ষিণাঞ্চল দেশটির প্রাণস্পন্দন, তাই এই অঞ্চলের মানুষের নিরাপত্তা ও পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানশাহর শহরের বামপুর সেনাঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ১৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ৩৮৮ ব্রিগেডের সাতজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলার উপযুক্ত জবাব যথাসময়ে দেওয়া হবে।

এদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, মার্কিন হামলায় আহত হয়েছেন ২৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে ২২২ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম।

অন্যদিকে, সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বুশেহর প্রদেশেও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং শহরের সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।