প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ , ০৮:৩৭ এ এম
অনলাইন সংস্করণ
হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডকে দর্শক সবচেয়ে বেশি চেনেন ‘স্পাইডার-ম্যান’ চরিত্রের জন্য। তবে এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম বিপ্লবী নেতা ওয়াট টাইলারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঐতিহাসিক ড্রামা চলচ্চিত্র ‘দ্য আপরাইজিং’-এ দেখা যাবে তাঁকে চতুর্দশ শতকের কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিতে।
সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ফোকাস ফিচারস। পল গ্রিনগ্রাস পরিচালিত এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ইংল্যান্ডের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সত্য ঘটনা অবলম্বনে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
চতুর্দশ শতকে মহামারির ধাক্কা সামলে ওঠার পর ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড শতবর্ষব্যাপী যুদ্ধের বিপুল ব্যয় মেটাতে সাধারণ মানুষের ওপর কঠোর কর আরোপ করেন। রাজকীয় শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে তখনই সংগঠিত হতে শুরু করে কৃষক সমাজ। সেই আন্দোলনের প্রধান নেতা ছিলেন ওয়াট টাইলার, যিনি এক সাধারণ কৃষক থেকে গণবিদ্রোহের প্রতীক হয়ে ওঠেন।
‘দ্য আপরাইজিং’-এ অ্যান্ড্রু গারফিল্ডকে দেখা যাবে সেই ঐতিহাসিক চরিত্রে। অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে বৃহৎ গণআন্দোলনের নেতৃত্ব দেওয়ার গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
ট্রেলার মুক্তির পর গারফিল্ডের অভিনয় নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকের ধারণা, ওয়াট টাইলারের চরিত্রটি তাঁর অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় কাজ হয়ে উঠতে পারে।
অ্যান্ড্রু গারফিল্ড ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জেমি বেল, স্টিফেন ডিলান, টম হল্যান্ডার, কসমো জারভিস, থমাসিন ম্যাকেঞ্জি, জনি লি মিলার এবং উডি নরম্যান। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘দ্য আপরাইজিং’।