এখন সময় ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬ , ০৮:৩১ এ এম

অনলাইন সংস্করণ

ন্যাটো সম্মেলনের প্রাক্কালে কিয়েভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার ভোরে চালানো এই হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু রয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎস্কোর ভাষ্য, একাধিক আবাসিক ভবনে আগুন লাগে। পাশাপাশি গুদাম, গ্যারেজ ও অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ধ্বংসস্তূপ, আগুনে পুড়ে যাওয়া যানবাহন এবং ধোঁয়ায় ঢেকে থাকা বিভিন্ন এলাকা দেখা গেছে।

এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হওয়ার অপেক্ষা চলছে। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগেই জেলেনস্কি সতর্ক করেছিলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া কিয়েভে নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতেও কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত ৩০ জন নিহত হন। পরদিন ভোরে বিমান হামলার সতর্কসংকেত জারি হলে হাজারো বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজধানীর মেট্রো স্টেশনগুলোতে অবস্থান নেন।

সাম্প্রতিক হামলার পর ইউক্রেন আবারও অভিযোগ করেছে, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করছে। তবে মস্কোর দাবি, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় রাশিয়ার বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার জবাব হিসেবেই তারা ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। একই রাতে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ার সেভাস্তোপোল শহরেও সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

ন্যাটো সম্মেলনের আগে পশ্চিমা মিত্রদের প্রতি আকাশ প্রতিরক্ষা জোরদারে দ্রুত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহে প্রতিটি বিলম্ব আরও প্রাণহানির ঝুঁকি বাড়ায় এবং রাশিয়াকে যুদ্ধ দীর্ঘায়িত করার সুযোগ দেয়। পাশাপাশি ইউক্রেনে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার জন্যও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।