এখন সময় ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬ , ০৬:৪৩ এ এম

অনলাইন সংস্করণ

ট্রাম্পকে ‘লুজার’ বললেন বাইডেন, তুললেন দুর্নীতির অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লুজার’ (ব্যর্থ ব্যক্তি) বলে কটাক্ষ করেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের বিরুদ্ধে অহমিকা প্রদর্শন, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও তুলেছেন।

স্থানীয় সময় শনিবার ম্যারিল্যান্ডে ডেমোক্রেটিক পার্টির আয়োজিত একটি গালা অনুষ্ঠানে বক্তব্য দেন বাইডেন। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ওই অনুষ্ঠানে দলের প্রার্থীদের সমর্থনে প্রচারণাও চালানো হয়।

বক্তব্যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বাইডেন। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে ন্যাটোর গুরুত্ব খাটো করেছেন এবং তাঁর বিভিন্ন অবস্থান ও সিদ্ধান্ত জোটটির ক্ষতির কারণ হয়েছে। বাইডেনের ভাষায়, ট্রাম্পের অনেক উদ্যোগই ছিল ব্যক্তিগত দম্ভ ও আত্মপ্রচারের বহিঃপ্রকাশ।

নিজের বক্তব্যে ট্রাম্পের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তও তুলে ধরেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেন, হোয়াইট হাউসে ব্যক্তিগত বলরুম নির্মাণের জন্য ট্রাম্প ‘ইস্ট উইং’ ভেঙে ফেলেছিলেন। এছাড়া কেনেডি সেন্টারের সঙ্গে নিজের নাম যুক্ত করা এবং লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কারের দায়িত্ব নিজের ঘনিষ্ঠদের হাতে দেওয়ার অভিযোগও করেন তিনি।

এসব ঘটনার উল্লেখ করে বক্তৃতার একপর্যায়ে বাইডেন ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “ভাবা যায়, কী এক লুজার!”