প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ , ১০:০৩ এ এম
অনলাইন সংস্করণ
জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কুমামোতো অঞ্চলে এই ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, কুমামোতোর পশ্চিম উপকূলে অবস্থিত আরিয়াকে উপসাগর এলাকায় সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
ভূমিকম্পের পর পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও দেশটির পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের কাছাকাছি থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
কুমামোতো অঞ্চল অতীতেও ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে। ২০১৬ সালে সেখানে শক্তিশালী ভূমিকম্পে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ১ হাজার ৮০০ জন আহত হন। ওই ঘটনায় হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছিল।
এর আগে চলতি বছরের ২০ এপ্রিল জাপানের উত্তরাঞ্চলেও ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর ইওয়াতে উপকূলীয় এলাকায় কম্পন অনুভূত হলে ইওয়াতে, আওমোরি ও হোক্কাইডো অঞ্চলের জন্যও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
সাম্প্রতিক এই ভূমিকম্পের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।