প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬ , ০১:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

খামেনির শেষকৃত্যের জন্য আলোচনা এক সপ্তাহ বিরতি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। ইরানের নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত রেখেছে।

শুক্রবার দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা ২৫০’ উদ্‌যাপনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রশংসা করে বলেন, দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে এবং দুটি বিশ্বযুদ্ধে বিজয় অর্জন করেছে। স্নায়ুযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের শত্রুরা ইতিহাসের অতলে হারিয়ে গেছে।

সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা একদিনেই ভেনেজুয়েলাকে পরাজিত করেছি এবং ইরানকে কঠোরভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতা করতে মরিয়া। আমরা ভালো মানুষ বলেই তাদের নেতার শেষকৃত্যের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, পৃথিবীর সবচেয়ে পুরোনো প্রজাতন্ত্র, সবচেয়ে স্বাধীন জনগণ এবং সবচেয়ে টেকসই সংবিধান যুক্তরাষ্ট্রের। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্র দাতব্য কর্মকাণ্ড, ক্ষুধা মোকাবিলা, রোগ নিরাময় এবং মানবকল্যাণে বেশি অবদান রেখেছে।

দেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আবারও ‘কমিউনিজমের হুমকি’ দেখা দিয়েছে। তার ভাষায়, নতুন করে দেশটিতে আসা কিছু মানুষ এমন আদর্শ ধারণ করছে, যা যুক্তরাষ্ট্রের জীবনধারা ও সাফল্যের সম্পূর্ণ বিপরীত।

তিনি কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য ‘মরণঘাতী হুমকি’ আখ্যা দিয়ে বলেন, এটি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পার্ল হারবার কিংবা ৯/১১ হামলার চেয়েও বড় হুমকি।

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা নিজেরা সুযোগ না দিলে কেবল তখনই মধ্যবর্তী নির্বাচনে হারতে পারি। সিনেটে ফিলিবাস্টার বিধান বাতিল এবং ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে রিপাবলিকান পার্টি আগামী ১০০ বছর কোনো নির্বাচন হারবে না।