প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ , ০৮:২৫ এ এম
অনলাইন সংস্করণ
মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ‘পূর্ণমাত্রার সামরিক অভিযান’ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, এ পরিস্থিতিতে ইরান আর কেবল সমপর্যায়ের পাল্টা হামলার নীতিতে সীমাবদ্ধ থাকবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির বরাতে এ তথ্য জানা গেছে।
মোহসেন রেজায়ি বলেন, ‘ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের প্রতিক্রিয়া দেখাবে না। কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।’
তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালে আলোচনার নীতি কার্যত শেষ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার পরিবর্তে সামরিক বাস্তবতাই প্রাধান্য পাচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।
রেজায়ির ভাষ্য, এখন পর্যন্ত ইরান সংঘাতের পরিধি বাড়ানো বা অন্য কোনো দেশে হামলা চালানোর দিকে মনোযোগ দেয়নি। বরং তাদের প্রধান লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তোলা এবং যুদ্ধের অবসান ঘটানো।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি।’
মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরান তার সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।