প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ , ০৮:১৮ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে এখন আলোচনার বড় বিষয় জার্সির রং। বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল স্কালোনির দল ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরবে, নাকি বিকল্প নীল জার্সিতে মাঠে নামবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে আজ।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ফিফার প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত ম্যাচ সমন্বয় সভায় দুই দলের জার্সির রংসহ বিভিন্ন আনুষ্ঠানিক বিষয় চূড়ান্ত করা হবে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুল জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।
ফিফার নিয়ম অনুযায়ী নকআউট পর্বে ব্র্যাকেটের ওপরে থাকা দলকে 'টিম এ' হিসেবে ধরা হয়। এবার সেই অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ফলে নিজেদের ঐতিহ্যবাহী সাদা জার্সি পরার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে তাদের। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে নীল অ্যাওয়ে জার্সি ব্যবহার করতে হতে পারে। তবে ইংল্যান্ড চাইলে বিকল্প লাল জার্সিও বেছে নিতে পারে। তখন আর্জেন্টিনা স্বাভাবিকভাবেই আকাশি-সাদা হোম জার্সি পরবে।
ফিফার মূল বিবেচনা থাকে দুই দলের জার্সির মধ্যে যথেষ্ট রঙের পার্থক্য নিশ্চিত করা, যাতে মাঠে খেলোয়াড়দের আলাদা করে শনাক্ত করা সহজ হয়। তাই সাদা-নীল কিংবা লাল-আকাশি-সাদা, উভয় সমন্বয়ই নিয়ম অনুযায়ী গ্রহণযোগ্য।
নীল জার্সি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের একটি কুসংস্কার রয়েছে। বিশ্বকাপের পাঁচটি ফাইনালের মধ্যে ১৯৯০ ও ২০১৪ সালে নীল জার্সি পরে মাঠে নেমে জার্মানির কাছে হেরেছিল আলবিসেলেস্তেরা। বিপরীতে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে আকাশি-সাদা জার্সি পরে নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা।
তবে নীল জার্সি সব সময় যে অশুভ, ইতিহাস তা বলে না। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' ও শতাব্দীর সেরা গোলের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা, তখন তাদের গায়ে ছিল নীল জার্সি। ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়েও একই প্রতিপক্ষকে নীল জার্সি পরেই বিদায় করেছিল তারা। এবারের বিশ্বকাপেও জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নীল জার্সি পরে জয় পেয়েছে স্কালোনির দল।
অন্যদিকে, আকাশি-সাদা জার্সি পরেও ইংল্যান্ডের কাছে হারের স্মৃতি রয়েছে আর্জেন্টিনার। ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে সাদা-আকাশি জার্সি গায়েই ১-০ গোলে পরাজিত হয়েছিল তারা।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ড ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই সাদা জার্সি ব্যবহার করেছে। শুধু পানামার বিপক্ষে তারা লাল জার্সি পরে খেলেছিল। আর্জেন্টিনা এখন পর্যন্ত মাত্র একবার নীল জার্সি পরেছে, সেটি ছিল জর্ডানের বিপক্ষে।
পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। বিশ্বকাপ ইতিহাসে তারা এর আগে পাঁচবার সেমিফাইনাল খেলেছে এবং প্রতিবারই ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা দ্বিতীয় শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যেতে চায় স্কালোনির দল।