ঢাকা অফিস • প্রকাশিত: ১৬ অক্টোবার ২০২৬, ০৯:০৯ পিএম • অনলাইন সংস্করণ

১১ দলের লং মার্চের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি

কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল পরিদর্শনে মোবারক হোসাইন

১১ দলের লং মার্চের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি

কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল পরিদর্শনে বক্তব্য রাখছেন মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, ১১ দলের ৭ দফা দাবি নির্দিষ্ট কোনো দলের নয় বা ১১ দলের দাবি নয় এটি এদেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবি। সরকার সংবিধান সংশোধনের নামে জনগণের সাথে প্রতারণা করছে। হাজারও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে আমরা সংবিধানের সংশোধন নয়, সংস্কার চাই।

জুমআ বার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ঐতিহাসিক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ৩১ অক্টোবরের ১১ দলীয় ঐক্যের লং মার্চের প্রস্তুতি সভা ও সমাপনী সমাবেশের মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশজুড়ে পরিচালিত লংমার্চের ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এসে এই কর্মসূচির সমাপনী সমাবেশ হবে। এটি নিছক কোনো জনসভা হবে না, কুষ্টিয়াবাসীর অংশগ্রহণে এটি জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণভোটে ৭০% মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছিল এবং বর্তমান প্রধানমন্ত্রীও 'হ্যাঁ' ভোটের পক্ষে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সংবিধান সংস্কারের সেই অঙ্গীকার ভুলে গেছে। আমরা বিশ্বাস করি, জনগণের এই সাত দফা দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে।

মাঠ পরিদর্শনকালে যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য জনাব আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. এনামুল হকসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷