যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ইলহান ওমরের বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার এজেন্টরা। এ ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগ করেছে ওমরের কার্যালয়। তবে তল্লাশির বিষয়ে বিস্তারিত জানায়নি মার্কিন বিচার বিভাগ।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে জানা গেছে, ওয়াশিংটন ডিসি-সংলগ্ন এলাকায় গতকাল সকালে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) এজেন্টরা এ অভিযান চালান। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমরের প্রয়াত বাবার জমা দেওয়া শৈশবকালীন অভিবাসনসংক্রান্ত নথি নিয়ে জালিয়াতির অভিযোগের সঙ্গে তল্লাশির সম্পর্ক থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়নি।
সোমালিয়ায় জন্ম নেওয়া ওমর শৈশবে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৮ সালে তিনি প্রথমবার প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। অভিবাসননীতি ও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্টের রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওমর বলেন, রাজনৈতিক শত্রুদের লক্ষ্যবস্তু করতে কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। তবে তিনি নীরব হবেন না বলেও জানান।
ওমরের কার্যালয় বলেছে, কোনো অন্যায় না করেও একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে লক্ষ্যবস্তু করা ক্ষমতার গুরুতর অপব্যবহার। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিসসহ শীর্ষ নেতারাও ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।
তল্লাশির কয়েক দিন আগে টেনেসিতে এক সমাবেশে ওমরকে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেন ট্রাম্প। তবে তল্লাশির কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি বিচার বিভাগের এখতিয়ার।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে অভিবাসননীতি ও রাজনৈতিক বিরোধ নিয়ে উত্তেজনা বাড়ছে। এদিকে, আদালতের অনুমোদিত পরোয়ানা অনুযায়ী তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে বিচার বিভাগ। তদন্তের প্রকৃতি ও অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।