প্রকাশিত: ০৮ নভেম্বার ২০২৫ , ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় একশ দিন বাকি। ইসলামিক বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘ইসলামিক ইনফরমেশন’ জানিয়েছে, ২০২৬ সালের রমজান শুরু হবে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে। শনিবার (৮ নভেম্বর) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, রমজানের চাঁদ দেখা পর্যন্ত আর মাত্র শতদিন বাকি রয়েছে।
জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বছরের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। আর বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা ‘এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি’-এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়, তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে সেটি খালি চোখে দেখা সম্ভব নয়, তাই মধ্যপ্রাচ্যে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে।
তিনি আরও জানান, রমজানের শুরুতে ওই অঞ্চলে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষদিকে বাড়তে বাড়তে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তবে সৌদি আরব প্রায়ই তাদের নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়। সেই হিসেবে ২০২৬ সালে বাংলাদেশে প্রথম রোজা পড়তে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ।