প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ , ০৮:২৪ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের বহুল বিতর্কিত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ৩২ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আন্তর্জাতিক মহলে ‘মিডনাইট ইলেকশন’ বা ‘রাতের ভোটের নির্বাচন’ হিসেবে পরিচিত ওই নির্বাচনে তাঁরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানোর ঘোষণা দেয়। তাঁরা সবাই প্রশাসন ক্যাডারের ২০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা এবং যুগ্ম সচিব পদমর্যাদায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ১৯ ফেব্রুয়ারি তাঁদের ওএসডি করা হয়েছিল।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারার আওতায় চাকরিজীবনের ২৫ বছর পূর্ণ হওয়ায় কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা বিধি অনুযায়ী অবসর-সুবিধা পাবেন।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন জেলার সাবেক জেলা প্রশাসকরা, যাঁরা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে ক্ষমতাসীন দল নিরঙ্কুশ বিজয় অর্জন করলেও ভোটগ্রহণ শুরুর আগের রাতেই ব্যালট বাক্সে সিল মারা এবং অনিয়মের ব্যাপক অভিযোগ দেশ-বিদেশে আলোচনার জন্ম দেয়। বিরোধী দল ও বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা নির্বাচনটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। পরবর্তীতে নির্বাচনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘রাতের ভোটের নির্বাচন’ হিসেবে পরিচিতি লাভ করে।
এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রশাসনিক ও নির্বাচনী জবাবদিহিতা নিয়ে চলমান রাজনৈতিক পুনর্মূল্যায়নের অংশ হিসেবে দেখছেন। বিতর্কিত নির্বাচনের সঙ্গে যুক্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারের এটি অন্যতম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।