ঢাকা অফিস

প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬ , ০৮:৩৫ এ এম

অনলাইন সংস্করণ

সরকারকে পাঁচ বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জ্বালানির সম্ভাব্য মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সরকার যদি মনে করে এভাবেই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে, তাহলে সেই সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার রাতে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এনসিপির সহযোগী সংগঠন ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। হবিগঞ্জে দলটির একটি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আলিফ আহত হন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঘটনার কয়েক দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁর দাবি, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হলেও কার্যকর সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্রয়ে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলার সংস্কৃতি তৈরি হয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে, যা রাজনৈতিক সহনশীলতার ঘাটতির ইঙ্গিত দেয়। তাঁর ভাষায়, দেশের বিভিন্ন স্থানে এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে এবং এতে বিরোধী মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, সরকার প্রশাসনিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে।

অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে তার প্রভাব শিল্প, বিনিয়োগ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়বে। তিনি ঘোষণা দেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হলে পেট্রোবাংলা ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ এনে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক মাসে সরকারের কর্মকাণ্ডে অগণতান্ত্রিক প্রবণতা স্পষ্ট হয়েছে। তাঁর মতে, যে সরকার বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারে না এবং নিজ দলকেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, তাদের পক্ষে দেশের শাসন পরিচালনা করা কঠিন।