প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ , ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। মানবিক বিবেচনায় তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোল কার্যকর থাকবে। এর আগে পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোল চেয়ে আবেদন করা হলেও শেষ পর্যন্ত ১২ ঘণ্টার অনুমতি দেওয়া হয়।
দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ বুধবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলের আবেদন করেন। আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, কারাবিধির বিধান অনুযায়ী দিনের আলোতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সুযোগ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দীপু মনিকে পুলিশ পাহারায় মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকায় আনা হবে। প্রথমে কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ। সেখানে স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন দীপু মনি।
এরপর মরদেহ নেওয়া হবে রাজধানীর গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা ও দোয়া অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। গত ২৭ মে স্বজনেরা হুইলচেয়ারে করে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে।
স্বামীর মৃত্যুর পর তার শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্যই প্যারোলে মুক্তির আবেদন করা হয়। নির্ধারিত ১২ ঘণ্টা শেষে দীপু মনিকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।
দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।