তালুকদার রাসেল

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ , ০৫:২৬ পিএম

অনলাইন সংস্করণ

শুধু পদত্যাগ নয়, রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের পাশাপাশি তাকে গ্রেফতারের দাবি জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, শুধু রাষ্ট্রপতির পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু তার দাবি, এখনো সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রতিফলন দেখা যায়নি। দেশে মাদক কারবার, চাঁদাবাজি, দলীয়করণ ও জমি দখলের মতো সমস্যা চলমান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষের জমি দখল হলে বিচার পাওয়ার পথ সংকুচিত হয়ে যাচ্ছে। গণমাধ্যম, পুলিশ ও আদালত দলীয় প্রভাবমুক্ত না হলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। বর্তমান সরকার প্রকৃত পরিবর্তনের সরকার নয় উল্লেখ করে তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন ও কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।

সংসদে এনসিপির বর্তমান অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলের মাত্র আটজন সদস্য থাকলেও তারা জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এনসিপি প্রধান বিরোধী দল হলে জনগণের স্বার্থে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জনগণের সমর্থন পেলে চাঁদাবাজি ও মাদক নির্মূলে কাজ করার প্রতিশ্রুতি দেন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা উঠেছে। তার অভিযোগ, পাঁচ মাসেও আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি বিএনপি। যারা রাষ্ট্রপতির পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তনের কথা বলবে-এমন প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পরিবর্তনের ক্ষেত্রে একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে নির্বাচন করতে হবে। একই সঙ্গে বিএনপি যোগ্য ও জনপ্রিয় কাউকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় না বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সামনে ছিলেন শিক্ষার্থীরা এবং পেছন থেকে সহযোগিতা করেছেন দেশের সর্বস্তরের মানুষ। সম্প্রতি জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি জানতে চান, এ ঘটনায় এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে।

তার দাবি, ফ্যাসিস্টরা যদি এ ধরনের তাণ্ডব চালাতে পারে, তাহলে এর দায় সরকার ও পুলিশ প্রশাসনকে নিতে হবে।


পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।