প্রকাশিত: ০৫ সেপ্টেম্বার ২০২৬ , ০৮:৩২ এ এম
অনলাইন সংস্করণ
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
লংমার্চ শুরুর আগে শাপলা চত্বরে দেওয়া বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, তাঁদের কর্মসূচি ইতোমধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় এর ‘ক্রিয়া-প্রতিক্রিয়া’ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, দেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো অস্তিত্ব তাঁরা মেনে নেবেন না। তাঁর ভাষায়, চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এবং দুর্নীতির মাধ্যমে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে।
শফিকুর রহমান বলেন, ‘আমরা আজ কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য রাস্তায় নামিনি। নেমেছি ১৮ কোটি মানুষের পক্ষে।’
দেশের নাগরিক সেবা নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, কোথাও গ্যাস, পানি কিংবা বিদ্যুতের পর্যাপ্ততা নেই, অথচ এসব সেবার বিল নিয়মিতই পরিশোধ করতে হচ্ছে। বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
এসব দাবি সামনে রেখে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করছে জোটটি। শাপলা চত্বরের সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। সমাবেশ শেষে গাড়িবহর চট্টগ্রামের পথে যাত্রা শুরু করে।