প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৬ , ০৬:২৮ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। ১৯৯১ সালের পর এই প্রথম কোনো বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে নিজস্ব প্রার্থী দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
শনিবার রাতে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। তবে এখনো চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হয়নি।
দলীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে চারজনের নাম নিয়ে আলোচনা চলছে। তারা হলেন—জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কর্নেল (অব.) অলি আহমদ এবং মাহমুদুর রহমান।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে একজনকে চূড়ান্ত প্রার্থী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের সরাসরি প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ১৯৯১ সালের পর কোনো বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্যোগ নেয়নি—এমন প্রেক্ষাপটে জামায়াতের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে।