প্রকাশিত: ৩০ জুন ২০২৬ , ১১:২৩ এ এম
অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ইনু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিচারিক কার্যক্রম রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানান, ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তিন নম্বর অভিযোগে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিটি অভিযোগে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে সাজাগুলো একযোগে কার্যকর হওয়ায় তাকে কার্যত ১০ বছরের সশ্রম কারাদণ্ডই ভোগ করতে হবে। অপরদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসানুল হক ইনু বলেন, "এটি একটি ফরমায়েশি রায়। প্রহসনের বিচারের মাধ্যমে আমাকে সাজা দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম।"
এর আগে গত ২২ জুন মামলাটি রায়ের জন্য নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। তারও আগে ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়। ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু হয় এবং একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
পরবর্তীতে ২ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা, আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ।
মামলায় রাষ্ট্রপক্ষের ১০ জন এবং আসামিপক্ষের দুইজন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। চলতি বছরের ১৩ এপ্রিল যুক্তিতর্ক শুরু হয়ে ১৩ মে শেষ হয়।
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় নিহত ছয়জন হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।