ঢাকা অফিস

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০২৬ , ০৯:১৮ এ এম

অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে চীনা নৌবাহিনীর টাস্ক গ্রুপ

এডেন উপসাগরে দীর্ঘমেয়াদি এসকর্ট মিশন শেষ করে দেশে ফেরার পথে বাংলাদেশ সফরে আসছে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ। ফেরার পথে টাস্ক গ্রুপটির বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও মালয়েশিয়া সফরের কথা রয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

জিয়াং বিন জানান, ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ সম্প্রতি এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলীয় জলসীমায় তাদের দায়িত্ব শেষ করেছে। এরপর চীনের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেছে নৌবহরটি। দেশে ফেরার পথে নির্ধারিত তিন দেশে সফরের কর্মসূচি রয়েছে।

সফরকালে সংশ্লিষ্ট দেশগুলোর নৌবাহিনীর সঙ্গে পেশাগত মতবিনিময় এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য জাহাজ পরিদর্শনের সুযোগ দিতে ‘ওপেন ডে’ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, এসব সফর ও বিনিময় কর্মসূচির মাধ্যমে চীন এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত পারস্পরিক আস্থা আরও গভীর হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সামরিক ও পেশাগত যোগাযোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার তাংশান, গাইডেড-মিসাইল ফ্রিগেট দাচিং এবং সমন্বিত সরবরাহকারী জাহাজ তাইহু। নৌবহরটি ২০২৫ সালের ১১ অক্টোবর এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলীয় জলসীমায় এসকর্ট মিশনের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করে।

এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলীয় জলসীমায় জলদস্যুতা প্রতিরোধ এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তায় সহায়তার লক্ষ্যে চীনা নৌবাহিনী ২০০৮ সালের ডিসেম্বর থেকে নিয়মিত এসকর্ট মিশন পরিচালনা করে আসছে।

বাংলাদেশসহ মিয়ানমার ও মালয়েশিয়ায় এবারের সফরকে চীনা নৌবাহিনীর আঞ্চলিক সামুদ্রিক যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।