প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬ , ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
আগামী অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এখনই চূড়ান্ত ঘোষণা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে বিভিন্ন স্তরে সমন্বয় ও আলোচনা প্রয়োজন। তাই সব বিষয় বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রিসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ জানান, অক্টোবরে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েই কমিশন কাজ এগিয়ে নিচ্ছে। সে ক্ষেত্রে ভোটের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা নির্ধারণ ও সীমানা-সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে সরকারকে শিগগিরই চিঠি দেওয়া হবে এবং যেসব প্রতিষ্ঠানে সীমানা-সংক্রান্ত সমস্যা রয়েছে, সেগুলোর তালিকাও চাওয়া হবে।
তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকারের অধিকাংশ প্রতিষ্ঠানই শূন্য রয়েছে। তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একটি নির্বাচনের সঙ্গে আরেকটি নির্বাচনের সাংগঠনিক সম্পর্ক রয়েছে। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত সদস্যরা পদাধিকারবলে উপজেলা পরিষদের সদস্য হওয়ায় আগে ইউপি ও পৌরসভা নির্বাচন সম্পন্ন করা প্রয়োজন। তবে সিটি করপোরেশন নির্বাচন আলাদাভাবে আয়োজন করা সম্ভব।
নির্বাচন কমিশনার আরও বলেন, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী বিভিন্ন নির্বাচন নির্ধারিত সময়ে সম্পন্ন করার বিষয় রয়েছে। কিন্তু একসঙ্গে একাধিক নির্বাচন সামনে চলে আসায় বাস্তব পরিস্থিতি বিবেচনায় অগ্রাধিকার ঠিক করতে হবে। কোন নির্বাচন জনগণের জন্য বেশি জরুরি, তা সরকারের সঙ্গে আলোচনা করেই তফসিল ঘোষণা করা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে কমিশন সবার সহযোগিতা প্রত্যাশা করছে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ইতোমধ্যে সংসদে বক্তব্য দিয়েছেন। কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে ইসির জ্যেষ্ঠ সচিব ধারাবাহিকভাবে এ বিষয়ে অগ্রগতির তথ্য জানাবেন।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মহল থেকে পাওয়া মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের কাজ চলছে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করাই কমিশনের লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ ও আনোয়ারুল ইসলাম সরকার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল।