প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ , ০৮:২৪ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে মানবিক ও যৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের প্রতি সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষ্য, এই আন্দোলনের লক্ষ্য অটোপাস আদায় বা পরীক্ষা বাতিল নয়; বরং বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের বাস্তবতায় শিক্ষার্থীদের জন্য একটি ন্যায্য ও গ্রহণযোগ্য পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করা।
শুক্রবার (১৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীরা এমন পরিস্থিতির অবসান চায় যেখানে তাদের জীবনঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়। একই সঙ্গে তারা বারবার পরিবর্তিত পরীক্ষা-পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের অংশ হতে চায় না। তাদের এই দাবিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা অনুচিত বলেও মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, শিক্ষার্থীরা সরকারবিরোধী কোনো রাজনৈতিক আন্দোলনে নামেনি। কিন্তু কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আন্দোলনটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যা শিক্ষার্থীদের জন্য ভয়ভীতি, হয়রানি ও সহিংসতার ঝুঁকি তৈরি করছে।
তিনি সরকারের প্রতি শিক্ষার্থীদের ভয় দেখানো, হুমকি দেওয়া এবং হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপই হতে পারে কার্যকর সমাধানের পথ। এজন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করে সামাজিক ও মানবিকভাবে হেনস্তা করা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষার্থীদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন না করে তাদের নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানো প্রয়োজন।
পোস্টের শেষাংশে তিনি সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, সময়মতো সমাধান না এলে একটি সমাধানযোগ্য সংকট অপ্রয়োজনীয়ভাবে বৃহত্তর সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। তাঁর মতে, গণতন্ত্রে নাগরিকের পরামর্শকে ষড়যন্ত্র হিসেবে দেখার পরিবর্তে রাষ্ট্র পরিচালনার সহায়ক হিসেবে বিবেচনা করাই দায়িত্বশীলতার পরিচয়।