এখন সময় রিপোর্ট

প্রকাশিত: ২৬ নভেম্বার ২০২৫ , ০৬:২০ পিএম

অনলাইন সংস্করণ

নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র মামদানীর ট্রানজিশন দলে নয় বাংলাদেশি

আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানী। গত ৪ নভেম্বর ৩৪ বছর বয়সী এই রাজনীতিক ইতিহাস গড়ে সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে তিনি যে ট্রানজিশন টিম ঘোষণা করেছেন, সেখানে নয়জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানের অন্তর্ভুক্তি বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নবনির্বাচিত সিটি মেয়র জোহরান মামদানীর ট্রানজিশন টিমে যে ৯ জন বাংলাদেশি অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন— শামসুল হক, শাহরিয়ার রহমান, কাজী ফৌজিয়া, আরমান চৌধুরী, আব্দুল আজিজ ভূইয়া, করিম চৌধুরী, ফারিহা আকতার, শ্যামতলী হক ও তাজিন আজাদ।

২৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে মামদানী মোট ৪০০ সদস্যের ১৭টি বিশেষ কমিটি নিয়ে ট্রানজিশন টিম গঠনের ঘোষণা দেন। এসব কমিটিতে দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার, কমিউনিটি সংগঠন ও সামাজিক নেতৃত্বে সক্রিয় বাংলাদেশিরা জায়গা পেয়েছেন।

কমিউনিটি অরগানাইজিং কমিটিতে আছেন হিলসাইড ইসলামিক সেন্টারের আব্দুল আজিজ ভুইয়া। কমিউনিটি সেইফটি কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাইজ আপ নিউ ইয়র্কের সামশুল হক। ইমিগ্র্যান্ট জাস্টিস কমিটিতে আছেন সিএভির ফারিয়া আক্তার।

ওয়ার্কার জাস্টিস কমিটিতে দায়িত্ব পেয়েছেন এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের মোহাম্মদ করিম চৌধুরী, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের স্কুল অব ল-এর অ্যাটর্নি সমতলী হক এবং ড্রাম বিটের নেত্রী কাজী ফৌজিয়া। স্মল বিজনেস কমিটিতে যুক্ত হয়েছেন মুনার আরমান চৌধুরী ও ভালোর শাহারিয়ার রহমান। ইয়ুথ অ্যান্ড এডুকেশন কমিটিতে আছেন তাজিন আজাদ।

এর আগে মামদানি পাঁচ নারীকে কো-চেয়ার হিসেবে নিয়োগ দিয়ে পুরো ট্রানজিশন প্রক্রিয়ার সমন্বয় দায়িত্ব দেন। ১৭টি কমিটি নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এজেন্সির বর্তমান অবস্থা, বাজেট, সংকট ও অগ্রাধিকার বিশ্লেষণ করে নতুন মেয়রকে সুপারিশ জমা দেবে। পাশাপাশি ডেপুটি মেয়র, পুলিশ কমিশনার, শিক্ষা কমিশনার, হাউজিং চিফসহ গুরুত্বপূর্ণ নিয়োগেও পরামর্শ দেবে।

ট্রানজিশন দলের অন্যতম বড় কাজ হবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দীর্ঘমেয়াদি নীতিমালা তৈরি করা—যার মধ্যে রয়েছে ভাড়া কমানো, গণপরিবহন উন্নয়ন, বাস সার্ভিস ফ্রি করা, জননিরাপত্তা জোরদার, স্কুলব্যবস্থার সংস্কার এবং গৃহহীনতা কমানোর উদ্যোগ।

নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি মামদানীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছিল। প্রচার, দরজায় দরজায় ভোট প্রার্থনা, তহবিল সংগ্রহ—সব ক্ষেত্রেই তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। নবনির্বাচিত মেয়রের ট্রানজিশন টিমে নয়জন বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করা—সেই সমর্থনের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।

৪০০ সদস্যের তালিকায় এখন পর্যন্ত ১৬ জন ভারতীয় ও ১১ জন পাকিস্তানি বংশোদ্ভূত সদস্যও চিহ্নিত হয়েছে। দক্ষিণ এশীয় কমিউনিটির এই বিস্তৃত অংশগ্রহণ নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।