প্রকাশিত: ২২ সেপ্টেম্বার ২০২৬ , ১১:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিউইয়র্কে তাঁর আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন।
জাতিসংঘের এবারের অধিবেশনে তারেক রহমানের কর্মসূচি বেশ ব্যস্ত। ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতরাশে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর তিনি অধিবেশনের উদ্বোধনী পর্ব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।
২৩ সেপ্টেম্বর বৈশ্বিক বৈষম্য মোকাবিলা, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ আয়োজিত রোহিঙ্গা সংকটবিষয়ক একটি পার্শ্ব অনুষ্ঠানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি বক্তব্য রাখবেন।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তারেক রহমান। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও সূচি রয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসতে পারে।
নিউইয়র্ক সফর শেষে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।