প্রকাশিত: ০১ আগষ্ট ২০২৬ , ০৮:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক মহলে এই সাক্ষাৎকে বাংলাদেশকে ঘিরে চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার আনুষ্ঠানিক এজেন্ডা প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।
তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গর। এটি বাংলাদেশে তার প্রথম সরকারি সফর। সফরের শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
ওয়াশিংটনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালনের পাশাপাশি সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন। ফলে ঢাকায় তার এই সফর এবং ভারতের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠক দক্ষিণ এশিয়ার পরিবর্তিত কৌশলগত বাস্তবতায় বিশেষ গুরুত্ব বহন করছে।