প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬ , ১১:৫২ এ এম
অনলাইন সংস্করণ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আন্দোলনে আহত যোদ্ধাদের সম্মান জানাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করা হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের প্রতিনিধিদের হাতে এই স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে জুলাই-২৪ গণঅভ্যুত্থানে শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এছাড়া শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক জানান, প্রতীকীভাবে কয়েকজন প্রতিনিধি স্মৃতি স্মারক গ্রহণ করলেও জুলাই আন্দোলনের সব শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের জন্য পৃথক স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সংশ্লিষ্ট প্রত্যেক পরিবার ও আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক, আত্মত্যাগ ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই জাতীয় সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।