প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ , ০৯:৩২ এ এম
অনলাইন সংস্করণ
দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষা ও ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তিন বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ দশমিক ২৫ মিলিয়ন ইউরো।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আইওএমের পক্ষে সংস্থাটির বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বনডে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পটির লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের সঠিক তথ্যভিত্তিক চিত্র তৈরি করা এবং এই সংকট মোকাবিলায় কার্যকর নীতি ও আঞ্চলিক সমন্বয় গড়ে তোলা। এ উদ্যোগের আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবিলার সক্ষমতা উন্নয়ন এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। উপকূলীয় এলাকা, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। ফলে জলবায়ু বাস্তুচ্যুতদের জন্য তথ্যভিত্তিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি নীতিগত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। নতুন এই প্রকল্প সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।