ঢাকা অফিস

প্রকাশিত: ৩০ জুন ২০২৬ , ০৫:৩৪ এ এম

অনলাইন সংস্করণ

ঋণ খেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নিতে পারবেন না

ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না এবং সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ারও সুযোগ থাকছে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে আদালত ৩০ জুন রায়ের দিন নির্ধারণ করেছিলেন।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মিফতাহ উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

মামলার শুনানির সময় আদালত বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে মতামত দেওয়ার জন্য জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগীকে নিয়োগ দিয়েছিলেন আপিল বিভাগ।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে ঋণ খেলাপির অভিযোগ তুলে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং ব্যাংক এশিয়া পিএলসি। নির্বাচন কমিশন ১৮ জানুয়ারি আপিল খারিজ করে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে।

পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট দায়ের করা হলে ২৭ জানুয়ারি হাইকোর্ট তা খারিজ করে দেন। ফলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা ফিরে পান আসলাম চৌধুরী।

এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি চট্টগ্রাম-৪ আসনে অংশ নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আপিল বিভাগের পূর্ববর্তী আদেশ অনুযায়ী তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করলে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তা গ্রহণ করেন। আদালত তখন নির্দেশ দেন, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসলাম চৌধুরী নির্বাচিত হলেও তার ফলাফল প্রকাশ করা যাবে না।

পরবর্তীতে ৩১ মার্চ পৃথক আপিল দায়ের করা হয়। চেম্বার আদালতের মাধ্যমে বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠানো হলে কয়েক দফা শুনানির পর ১৫ জুন শুনানি শেষ হয়। অবশেষে মঙ্গলবার আপিল বিভাগ চূড়ান্ত রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন।

এই রায়ের ফলে চট্টগ্রাম-৪ আসনে তার বেসরকারিভাবে অর্জিত বিজয় কার্যকর হচ্ছে না এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।