প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ , ১১:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের শ্রমখাতে চলমান সংস্কার কার্যক্রম এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তোলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাক্ষাৎ-পরবর্তী ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বৈঠকে আইএলও মহাপরিচালক বাংলাদেশের নবনির্বাচিত সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে শ্রমখাতের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে আইএলও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহী।
প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রমিকদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও সরকার গুরুত্ব দিচ্ছে।
বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা উন্নয়ন, অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এছাড়া তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের অগ্রযাত্রাও আলোচনায় উঠে আসে।
আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো শ্রমখাতে সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিক প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। তিনি শ্রমখাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং বাংলাদেশ ও আইএলওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।